২৫ এপ্রিল ২০১৬ - ০০:২৩
ইকুয়েডরে মৃতের সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে

গত সপ্তাহে ইকুয়েডরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পরে বিধ্বস্ত হয়ে পড়ে দেশটির কিছু অঞ্চল।

আবনা ডেস্ক : গত সপ্তাহে ইকুয়েডরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পরে বিধ্বস্ত হয়ে পড়ে দেশটির কিছু অঞ্চল। ধ্বংসস্তূপ থেকে ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়তে বাড়তে ৬৫০ জন ছাড়িয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। এ ঘটনায় আহত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন ১৭ হাজার।
ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ে বুধবার জানিয়েছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠতে তার সরকারের তিনশো কোটি মার্কিন ডলার লাগবে। এজন্য চলতি বছর দেশের জনগণের ওপর, বিশেষ করে ধনীদের ওপর করের বোঝা ১২ থেকে ১৪ ভাগ বেড়ে যেতে পারে।
এছাড়াও বিক্রি করে দিতে হবে দেশের অনির্দিষ্ট সংখ্যক সম্পদ। ভূমিকম্পের আগে থেকেই দেশটি আর্থিক সঙ্কটে রয়েছে। চলতি বছর তেল নির্ভর এ দেশটির আয় শতকরা ২ ভাগ কমবে বলে আশঙ্কা ব্যক্ত করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। ভূমিকেম্পের কারণে দেশটির দেড় লাখ শিশু সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ।
উল্লেখ্য গত সপ্তাহের শনিবারের এই ভুমকম্পের ৫ দিন পর শুক্রবারে আবার ৬ মাত্রার দুই দফা ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। তবে এবারের ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির নতুন কোন ঘটনা ঘটেনি। দেশটিতে উদ্ধার কাজ চলছে এখনো। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।